ভুল নম্বরে যাওয়া বিকাশের অর্থ ফেরত

২৩ আগষ্ট, ২০২৩ ১১:৪৩  

এক ডিজিটের ভুলে বিকাশ করা ৪০ হাজার ৮০০ টাকা খুইয়েছিলেন লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার পশ্চিম চন্ডিপুর গ্রামের সামছুদ্দিনের ছেলে সালাউদ্দিন। শেষ ডিজিট ৬৬ এর বদলে লিখেছিলেন ৫৬। দুইটি রবি নম্বর থেকে জিপি নম্বরে বিকাশ করা হয় এই টাকা। এরপর ১৭ আগষ্ট সাধারণ ডায়রি করেন রামগঞ্জ থানায়।

তবে এর মধ্যেই মিলে যায় অজ্ঞাত নম্বরের মালিকের খোঁজ। টাকা আসার কথা স্বীকার করেন বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারের লাল চন্দ্রের ছেলে সুবাশ চন্দ্র। একইসঙ্গে সুবাশ সালাউদ্দিনকে এসে টাকা ফেরত নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন।

অবশেষে ২১ আগস্ট সন্ধ্যায় আদমদীঘি থানায় পুলিশের মধ্যস্থতায় মূল মালিক সালাউদ্দিনকে ৪০ হাজার টাকা বুঝিয়ে দেন সুবাশ। এরপর থেকেই মহানুভবতার প্রশংসায় ভাসছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন তাঁর বিকাশ নম্বর থেকে ১০ আগস্ট ৪০ হাজার ৮০০ টাকা একটি বিকাশ নম্বরে পাঠান। কিন্তু ভুলবশত ওই বিকাশ নম্বরে টাকা না গিয়ে আরেকটি বিকাশ নম্বরে চলে যায়। এ ঘটনায় সালাউদ্দিন ১৭ আগস্ট রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং বিকাশ অফিসে জানান। এরপর সালাউদ্দিন মুঠোফোনের মাধ্যমে ভুলে আসা বিকাশ নম্বরে যোগাযোগ করলে সুবাশ চন্দ্রের সঙ্গে কথা হয়। সুবাশ চন্দ্র তাঁর বিকাশে আসা ৪০ হাজার টাকা পাওয়ার কথা স্বীকার করেন।